শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী / সুশোভন ইফতেখার শাওন
এক স্মরণীয় শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী। তিনি ১৯১০ সালের ১০ জানুয়ারি বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্ম গ্রহণ করেন। মোহাম্মদ নাসির আলী যখন সাহিত্যচর্চায় নিজেকে প্রকাশ করেন তখন মুসলিম জাগরণের যুগ। শিশুসাহিত্য চর্চাও তখন একদিকে যেমন মধ্যপ্রাচ্য-ইরানের গল্প অনুকরণ-পুনর্কথনসহ ইসলামিক ভাবধারায় বন্দি, অন্যদিকে অবাস্তব ভূত-পেত্নীর লোকগল্প ও রূপকথার চর্চা চলছিল। এই একঘেয়ে গতানুগতিক ধারায় নিজেকে সম্পৃক্ত করেননি মোহাম্মদ নাসির আলী। তিনি বাস্তবতার সঙ্গে আধুনিক চিন্তা-চেতনার সংমিশ্রণে চমক সৃষ্টির মাধ্যমে শিশু-কিশোর পাঠকদের আকর্ষণ করতে চেষ্টা করেছেন সব সময়। ছাত্র হিসেবে মোহাম্মদ নাসির আলী ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯২৬ সালে গণিত বিষয়ে স্বর্ণপদকসহ তার জন্মস্থান ঢাকা জেলার বিক্রমপুর পরগণার ধাইদা গ্রামের তেলীরবাগ কালীমোহন-দুর্গামোহন ইনস্টিটিউশন থেকে তিনি প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর ঢাকার জগন্নাথ কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে বিকম পাস করেন। ছেলেবেলা থেকেই তিনি পাঠ্যবইয়ের পাশাপাশি নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকা পাঠ করতেন এবং সাহিত্যের প্রতি তার আগ্রহ জন্মে। শিক্ষাজীবন শেষে ...