ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ: বিএনপিতে প্রয়োজন সাহসী ও কৌশলগত সিদ্ধান্ত / সুশোভন ইফতেখার শাওন
ক্ষমতায় কিংবা সরকারের কাছাকাছি থাকার সুযোগ তৈরি হলেই রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা আসা নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসও তার ব্যত্যয় নয়। এই বাস্তবতায় সরকার পরিচালনার প্রস্তুতির পাশাপাশি দল হিসেবে নিজেদের কার্যক্রমকে আরও ডাইনামিক ও গতিশীল করা বিএনপির জন্য এখন সময়ের দাবি। আর সেজন্য দলের শীর্ষ নেতৃত্বে সাহসী পরিবর্তন ও দূরদর্শী চিন্তার কোনো বিকল্প নেই।
আগামী কয়েক মাসের মধ্যেই বিএনপির জাতীয় কাউন্সিল। রাজনৈতিক অঙ্গনে মহাসচিব পদে বেশ কিছু জ্যেষ্ঠ ও পরিচিত মুখ আলোচনার শীর্ষে থাকলেও, এই মুহূর্তে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে সময় এসেছে একটি বড় রাজনৈতিক কৌশল বা 'বোল্ড মুভ' নেওয়ার। ইতিহাস বলে, প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও এমন এক সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। খন্দকার দেলওয়ার হোসেনের প্রয়াণের পর জ্যেষ্ঠতার সমীকরণ পেরিয়ে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিবের দায়িত্ব দেন। সে সময় সমালোচনা হলেও শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছিল বেগম জিয়ার সেই সিদ্ধান্ত ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত দূরদর্শী। টানা নির্যাতন, হামলা-মামলা ও ভাঙনের চেষ্টার মুখেও মির্জা ফখরুল যেভাবে দলকে আগলে রেখেছেন, তা বেগম জিয়ার আস্থারই যোগ্য প্রতিফলন।
আজকের পরিবর্তিত পরিস্থিতিতে মির্জা ফখরুলের উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রেও জ্যেষ্ঠতার পাশাপাশি আগামী ১০-১২ বছরের রাজনৈতিক চ্যালেঞ্জ মাথায় রাখা জরুরি। তরুণ প্রজন্মের মানসিকতা বোঝা, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, বিশ্বস্ততা ও বাগ্মিতার সমন্বয় এখন নেতৃত্বের প্রধান মানদণ্ড হওয়া উচিত।
এই মানদণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরীক্ষিত ও ত্যাগী নেতারা ইতিবাচক আলোচনার দাবীদার। শেখ হাসিনার শাসন আমলে মামলার ধকল সয়ে রাজপথ, আদালত আর কারাগারকে সঙ্গী করেও যারা দলের সিদ্ধান্তের প্রতি অবিচল আনুগত্য দেখিয়েছেন।
দলের ভেতরে প্রতিযোগিতা কিংবা অভ্যন্তরীণ নানা সমীকরণ নিশ্চিতভাবেই থাকবে। কিন্তু পরিবর্তিত রাজনীতি ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হলে তারেক রহমানকেও তার মায়ের মতোই সাহসী সিদ্ধান্ত নিতে হবে। অভিজ্ঞতার পাশাপাশি রাজপথের পরীক্ষিত রক্তকে শীর্ষ নেতৃত্বে নিয়ে আসাই হতে পারে আগামী দিনে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও আধুনিক করার মূল চাবিকাঠি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন